বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাডুকোন এবং রণবীর সিং এর ঘর আলো করে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান দুয়া’র জন্মের পর বছর ঘুরতে না ঘুরতেই আবার মা হতে চলার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন দীপিকা।

তবে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিক স্তরে এসে যে শারীরিক ধকল ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আপডেট শেয়ার করলেন অভিনেত্রী।

বিগত কয়েক মাস ধরে নিজেকে স্পটলাইট বা লাইমলাইট থেকে দূরে রাখলেও শনিবার (১১ জুলাই) ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বর্তমান অবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরেন দীপিকা। যার মধ্যে দিয়ে যেতে হয় কমবেশি সকল হবু মা-কেই।

মজাদার অথচ অত্যন্ত বাস্তবসম্মত ভিডিও শেয়ার করেন দীপিকা, যা এই মুহূর্তে তার নিজের পরিস্থিতির সাথে হুবহু মিলে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন অন্তঃসত্ত্বা মহিলা গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে মাঝরাতে বিছানা ছেড়ে ধীর পায়ে বাথরুমের দিকে হেঁটে যাচ্ছেন। ভিডিওর ওপরে ক্যাপশন লেখা ছিল, ‘তৃতীয় ত্রৈমাসিকে মাঝরাতে ঘুম থেকে উঠে বারবার বাথরুমে যাওয়া।’

এই রিলটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দীপিকা একটি ‘আপসাইড-ডাউন’ স্মাইলি ইমোজি দিয়েছেন। তার এই ইমোজিই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে তিনি এই মুহূর্তে গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায়ের এই শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

আসলে প্রেগন্য়ান্সির শেষ ধাপে জরায়ুর আকার বেড়ে যায় এবং ভ্রূণের ওজনের কারণে মূত্রাশয়ের উপর চাপ পড়ে, ফলে হবু মায়ের ব্লাডার মূত্র বেশি সময় ধরে রাখতে পারে না। সেই কারণেই রাতে বারবার বাথরুমে যেতে হয় অন্তঃসত্ত্বা নারীদের।

দীর্ঘদিন পর হবু মায়ের কাছ থেকে প্রেগন্যান্সির আপডেট পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। এক ভক্ত দীপিকার এই স্টোরিটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ‘দুয়ার ভাই বা বোন খুব শিগগিরি আসতে চলেছে। তুমি পারবে দীপিকা, এগিয়ে যাও।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘ইশ! আমি যদি এই সময় আমার রানীর পাশে থেকে ওঁকে একটু সাহায্য করতে পারতাম!’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews