ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে আসা এ সেবার মাধ্যমে নির্দিষ্ট শর্তপূরণ করলে কোনো ধরনের অর্থ পরিশোধ ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। ভুয়া অ্যাকাউন্ট কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন এ ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

তবে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকছে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল হতে পারে।

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই এই ব্যাজ কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, নতুন এই সেবা তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে ফেসবুক ভেরিফায়েডের উদ্দেশ্য শুধু ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা। এতে কোনো অতিরিক্ত গ্রাহক সহায়তা বা প্রিমিয়াম সুবিধা থাকবে না।

প্রথম ধাপে বিশ্বের কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার আশা, নতুন এ উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews