শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকরের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের শহীদ মিনার সংলগ্ন সড়কে উদীচী, মহিলা পরিষদ ও নারী প্রগতি সংঘসহ জেলার সর্বস্তরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করে।
সমাবেশে মুখে কালো কাপড় বেঁধে ও প্ল্যাকার্ড হাতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছোট ছোট শিক্ষার্থীরাও।
উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মহিলা পরিষদ, স্থানীয় এনজিওসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
বক্তারা মানুষের জন্য যে আইন করা হয়েছে, সেই আইনকে মানুষের কাজে লাগিয়ে সাধারণের বিশ্বাস-ভরসার জায়গা করে নেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, গবেষক আলী আহমদ আইয়ুব, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সিনিয়র সাংবাদিক আলপনা বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মহিলা পরিষদের ফাহমিদা তোতাসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই