বৈরুত, ৯ এপ্রিল – ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, লেবাননের ভূখণ্ড ও জনগণের ওপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই ধরনের প্রতিরোধমূলক হামলা অব্যাহত রাখবে।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, লেবানন থেকে ধেয়ে আসা একটি রকেট তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর এটিই প্রথম হামলা।
গত বুধবার মাত্র দশ মিনিটের ব্যবধানে লেবাননের প্রায় একশোটি লক্ষ্যবস্তুতে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দিনব্যাপী এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজার ১৬৫ জনের বেশি মানুষ আহত হন। ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় লেবানন সরকার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা থামাতে তার দেশ সমস্ত রাজনৈতিক এবং কূটনৈতিক শক্তি প্রয়োগ করছে।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬