বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তার স্মৃতিস্তম্ভের বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংগত এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা বড় সুযোগ পেয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, তা অর্জন করবে। তিনি আরও বলেন, একই সঙ্গে এ জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত করে, দায়ী ব্যক্তি ও শক্তিদের আইনের আওতায় নিয়ে আসার মাধমে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা পিলখানা হত্যাকান্ডের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এ জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত দাবি করছি। তিনি আরও বলেন, এ দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এজন্য মনে করি যে, এই দিনে বাংলাদেশের পুরো নিরাপত্তাব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত করা হয়েছিল। চৌকশ ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার জাহিদ হোসেন, জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান, নিহত বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকির আহমেদ ভুঁইয়া ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews