উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে।

বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। 

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে একান্ত সচিব সোহেল জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন করা হবে। 

তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।

রাজনৈতিকভাবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। 

বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews