ভারতে ধর্মনিরপেক্ষতার মুখোশে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের ওপর ‘নির্যাতনের মহোৎসব’ চলছে।

শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ ইরান বলেন, পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মদদে বিজেপির সশস্ত্র সন্ত্রাসীরা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, মসজিদ-মাদ্রাসায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি পবিত্র কোরবানি ও মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে রয়েছে। ভয়ভীতি, দমন-পীড়ন ও সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীকে কোণঠাসা করার অপচেষ্টা চলছে। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ডাঃ ইরান বলেন, মাওলানা আবদুল মতীন ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি শোষণ, জুলুম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে “ওমর-ই সাম্যবাদ” নামে ইনসাফভিত্তিক রাজনৈতিক দর্শন প্রবর্তন করেছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি স্মরণ করেন, মাওলানা আবদুল মতীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ছিলেন এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আস্থাভাজন সহচর হিসেবে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মহানগর লেবার পার্টির আহ্বায়ক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, মহানগর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, মহানগর সদস্য মো. রাজু বেপারী ও পল্টন থানার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন প্রমুখ।

সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহানগর নেতা মাওলানা জাকির হোসেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews