অনেক আগেই বলিউড থেকে হলিউডে ক্যারিয়ার গড়ার কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের বিখ্যাত অভিনেতা রাসেল ক্রোর সাথে এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন। প্রিডেটরস সিনেমার নির্মাতা নিমরোড আনতালের নতুন সিনেমা ‘ব্লুফাই’ সিনেমায় প্রিয়াঙ্কা অভিনয় করবেন। সায়েন্স ফিকশন ও অ্যাকশন থ্রিলার ধাঁচের এ সিনেমায় প্রিয়াঙ্কা প্রথমবারের মতো অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে। সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ব্লুফাই সিনেমার গল্পের প্রেক্ষাপট কঙ্গোর গভীর অরণ্য। জাতিসংঘে কর্মরত এক অনুবাদককে গোপন সামরিক অভিযানে পাঠানো হয় সেখানে। তাকে উদ্ধার করতে হবে বিধ্বস্ত একটি সামরিক বিমান, যার অস্তিত্ব সরকারি নথিতে নেই। ¯েপশাল অপারেশন টিমকে সঙ্গে নিয়ে সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা পার হয়ে এগোতে থাকে । কিন্তু দুর্ঘটনাকবলিত বিমানটির যত কাছাকাছি তারা পৌঁছাতে থাকে, ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর রহস্য। শেষ পর্যন্ত মিশনটি শুধুই উদ্ধার অভিযান থাকে না, বরং পরিণত হয় বেঁচে থাকার মরিয়া লড়াইয়ে। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশন স্বত্ব বিক্রির কার্যক্রম শুরু করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ। সিনেমাটি নিয়ে পরিচালক নিমরোড আনতাল বলেন, ব্লুফাই হচ্ছে সাই-ফাই উপাদানে মোড়ানো উত্তেজনাপূর্ণ ও চরিত্রকেন্দ্রিক থ্রিলার। বাস্তবসম্মত, তীব্র গতিময় ও গা ছমছমে অনুভূতির এমন সিনেমাই আমি সব সময় বানাতে চাই। এই গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অসাধারণ অভিনয়শিল্পীদের সঙ্গে পেয়ে আমি আনন্দিত। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির সিনেমাটির শুটিং শুরু হবে।