এই প্রেক্ষাপটে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি নিছক রাজনৈতিক বাক্য নয়; এটি হতে পারে রাষ্ট্র পুনর্গঠনের একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক ভিত্তি। কিন্তু কোনো স্লোগান নিজে নিজে সমাজ বদলায় না। স্লোগান তখনই কার্যকর হয়, যখন তা নীতি, প্রতিষ্ঠান, শিক্ষা, দলীয় সংস্কৃতি এবং নাগরিক আচরণের অংশে পরিণত হয়।
‘সবার আগে বাংলাদেশ’ যদি শুধু জনসভায় উচ্চারিত হয়, পোস্টারে ছাপা হয় বা নির্বাচনী ভাষণে ব্যবহৃত হয়, তবে তার কোনো ঐতিহাসিক তাৎপর্য থাকবে না। এটিকে মানুষের মননে, প্রশাসনের নীতিতে এবং রাজনৈতিক কর্মীদের চরিত্রে প্রতিফলিত করতে পারলেই এটি নতুন বাংলাদেশের রাষ্ট্রনৈতিক দর্শনে পরিণত হতে পারে।
এখানেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, দীর্ঘদিনের অন্যায়, অপশাসন ও দুর্নীতির সংস্কৃতি থেকে শুধু প্রশাসনকে নয়, দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষকেও বের করে আনতে হবে। রাষ্ট্র সংস্কারের সবচেয়ে কঠিন অংশ হলো মানুষের মনন সংস্কার।