সরকার তাঁত ও তাঁতিদের নিয়ে বড় কোনো পরিকল্পনা করছে, সে জন্য তাঁত বোর্ডে দলের লোক নিয়োগ দেওয়া হয়েছে—বিষয়টি তেমন নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে সেখানে আমলাদের পুনর্বাসন করা হতো। এখন পুনর্বাসন করা হয়েছে একজন রাজনীতিবিদকে।
তিন. বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বনবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলামকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ছিলেন ছাত্রদলের সভাপতি।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠিত হয়। ট্রাস্ট ফান্ড পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় একটি সংবিধিবদ্ধ সংস্থা। এ তহবিল গঠনের পর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত রাজস্ব তহবিল থেকে চার হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। গত বছর ৪ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জলবায়ু তহবিলের অধীনে অনুমোদিত ৮৯১টি প্রকল্পে প্রায় ২ হাজার ১১১ কোটি টাকা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অপচয় বা আত্মসাৎ হয়েছে।
চার. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বেনজীর আহমেদকে। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক।
উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো শিল্পায়নের লক্ষ্যে স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৭২ সালে বিসিক নামে যাত্রা শুরু হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিসিক প্রতিষ্ঠা করা হয়, তা অর্জিত হয়নি। বিসিক সূত্রে জানা যায়, সারা দেশে বিসিকের মোট শিল্পনগরী রয়েছে ৮২টি। শিল্পপ্লটের সংখ্যা ১২ হাজার ৩৬০। বরাদ্দ করা প্লট ১১ হাজার ২৭১। বরাদ্দ করা প্লটের বিপরীতে শিল্পকারখানা রয়েছে ৬ হাজার ২০০টি।