বিশ্বকাপ শেষে বিশ্রাম না নিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে মাঠেই সেই সমালোচনার জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান সিরি ‘এ’-তে শাপকোয়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে সান্তোস। অবনমন অঞ্চলের শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। আর সেই লড়াইয়েই দলের ত্রাতা হয়ে ওঠেন নেইমার।

ম্যাচের শুরুতেই সতীর্থের সাথে দারুণ বোঝাপড়ায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দুর্দান্ত শটে জালে বল জড়ান তিনি। গোল করার পর উদযাপনে পোকার খেলার পরিচিত হাতের ইশারা করে সমালোচকদের উদ্দেশ্যে নীরব বার্তাই যেন ছুড়ে দেন এই ব্রাজিলিয়ান।

তবে ম্যাচটি মোটেও সহজ ছিল না। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শাপকোয়েন্স। তখন সান্তোসের হার প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।

কিন্তু শেষ মুহূর্তে আবারো জ্বলে ওঠেন নেইমার। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে ২-২ গোলের সমতায় ফেরান তিনি। তার জোড়া গোলেই মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বিশ্বকাপ চলাকালে চোট ও ফিটনেস সমস্যার কারণে মূল একাদশে থাকা হয়নি নেইমাের। পরে কোপা সুদামেরিকানার একটি ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেইমার বলেছিলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে খেলিনি, কারণ আমি মাত্র অনুশীলন শুরু করেছি। পরদিন আমার ছুটি ছিল।’

সমালোচকদের উদ্দেশে তার কড়া বার্তাও ছিল স্পষ্ট, ‘আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা শুধু সমালোচনাই করবে? নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকো।’

শাপকোয়েন্সের বিপক্ষে জোড়া গোলের পর অবশ্য আলাদা করে আর কিছু বলতে হয়নি নেইমারকে। পোকার ভঙ্গিতে গোল উদযাপন করেই যেন তিনি বুঝিয়ে দিলেন- সমালোচনার জবাব তিনি কথায় নয়, দিতে পছন্দ করেন মাঠের পারফরম্যান্সে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews