চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করেছে মোবাইল কোর্ট।

শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক এক হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। একই সাথে উত্তোলিত বালু জব্দ করা হয়। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews