রিয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তির আলোচনা যখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলে খবর, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পদক্ষেপ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একসাথে সব ছবি, প্রোফাইল ছবি ও বায়ো মুছে ফেলেছেন তিনি। আর এতেই নতুন করে শুরু হয়েছে দলবদলের জোর গুঞ্জন। অনেকেই দেখছেন এটিকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পূর্বাভাস হিসেবে।
বর্তমান সময়ে অনেক ফুটবলারই ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম নতুন করে সাজান। তবে অতীতে এমন ঘটনা একাধিক তারকার ক্লাব ছাড়ার আগেও দেখা গেছে। তাই ভিনিসিউসের এই পদক্ষেপ নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
তবে রিয়াল মাদ্রিদের অবস্থান স্পষ্ট। ক্লাবটি কোনোভাবেই ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে হারাতে চায় না। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তাকে দীর্ঘমেয়াদে দলে রাখতে বছরে প্রায় এক কোটি ৮৫ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
আগামী বছরের জুনে শেষ হতে যাওয়া বর্তমান চুক্তির নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। নতুন কোচ হোসে মরিনহোও তার ভবিষ্যৎ পরিকল্পনায় ভিনিসিউসকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন।
টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারায় আগামী মৌসুমে শক্তিশালী দল গড়তে মরিয়া রিয়াল, আর সেই পরিকল্পনার কেন্দ্রেই রয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
এর মাঝেই রিয়ালের প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দিয়েছেন ভিনি। নিয়মিত মেডিক্যাল পরীক্ষা শেষ করে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন তিনি। ফলে ইনস্টাগ্রামের এই পরিবর্তন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি বড় কোনো ঘোষণার ইঙ্গিত—সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন।
অন্যদিকে, ভিনিসিউসের পরিস্থিতির ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে গেলে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে মিকেল আর্তেতার ক্লাব।