হামলার শিকার প্রথম আলোর ভবনটিতে ঢুকতেই এখনো পোড়া গন্ধ আসে। ঢোকার পর বাঁ দিকে গেলে সেখানে রয়েছে কিছু চিত্রকর্ম। একটি চিত্রকর্মে দেখা যায়, পুড়ে যাওয়া একটি ভবন। আরেকটি চিত্রকর্মে ফুটে উঠেছে পোড়া ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে আছে—আরেকটি চিত্রকর্মে এমনটি উঠে এসেছে।
চারজন মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেছে—এমন স্থাপত্যও রয়েছে প্রথম তলায়। চিত্রকর্ম ও স্থাপত্যের পাশাপাশি সেখানে রাখা হয়েছে প্রথম আলোর পুড়ে যাওয়া কম্পিউটারসামগ্রী ও আসবাব।
আজ বেলা সাড়ে ১১টার দিকে কথা হয় ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মাহাদী ফয়সালের সঙ্গে। তিনি বলেন, ‘সংবাদপত্র হলো গণমানুষের ভয়েস। সেটিকে বন্ধ করে দিতে চাওয়ার যে চেষ্টা সেটা সকলের জন্যই দুঃখের। তবে এই পুড়িয়ে দেওয়ার প্রচেষ্টার পরেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যে শক্তি এবং ইচ্ছা এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এটা আমাদের সবাইকে শক্তি দেয়।’