গুঞ্জনটা ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটিই সত্যি হলো। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, লস ব্লাঙ্কোজদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জোসে মরিনহো।
বৃহস্পতিবার (১১ জুন) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক বিবৃতিতে তিন বছরের চুক্তিতে পর্তুগিজ কোচ মরিনহোকে নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। যার মেয়াদ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।
ফলে দীর্ঘদিন পর আবারো পুরনো ঠিকানায় ফিরছেন ‘স্পেশাল ওয়ান’। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ে দলকে একাধিক শিরোপাও এনে দেন তিনি।
আগামী ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নেবেন মরিনহো। শুরু করবেন সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে তার দ্বিতীয় অধ্যায়। টানা দুই মৌসুম শিরোপা শূন্য থাকা দলটাকে শিরোপা জেতানোই চ্যালেঞ্জ তার।
এর আগে, চলতি মৌসুমে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলান আলভারো আরবেলোয়া। তবে তার অধীনে প্রত্যাশিত ধারাবাহিকতা খুঁজে পায়নি রিয়াল।
এদিকে বেনফিকার দায়িত্বে গত মৌসুম শুরু করেছিলেন মরিনহো। পর্তুগিজ লিগে দলটিকে তৃতীয় স্থানে নিয়ে আসেন তিনি। তবে এবার ফের বার্নাব্যুতে ফিরলেন স্পেশাল ওয়ান।