দাম দিয়ে কেনা পোশাক, কিন্তু পরা হয় মাত্র একবার তারপর আলমারির অন্ধকারে নির্বাসন। নতুন প্রজন্মের মধ্যে এই ‘ওয়ান-টাইম ওয়্যার’ প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে। সারাক্ষণ তাদের মাথায় ঘোরে ট্রেন্ড। ইন্টারনেট ঘেঁটে মুহূর্তেই পার্টি, জন্মদিন কিংবা বিশেষ আয়োজনের জন্য তৈরি হয়ে যায় নতুন লুক। আর সেই লুকে একই পোশাক কোনোভাবেই ‘রিপিট’ করা চলবে না এ যেন অলিখিত নিয়ম।

ফলে বদলে গিয়েছে তাদের শপিং হ্যাবিট। কেনাকাটা এখন আর শুধু প্রয়োজন মেটানোর বিষয় নয়, বরং তা হয়ে উঠেছে ইমেজ ম্যানেজমেন্টের অংশ। প্রশ্নটা স্বাভাবিক-এত খরচ করে কেনা পোশাক একবার পরেই বাদ কেন?

প্রথম কারণটি নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া। ‘আউটফিট অব দ্য ডে’ সংস্কৃতি এখন পরিচিত ট্রেন্ড। একই পোশাকে বারবার ছবি পোস্ট করলে ‘নতুনত্ব’ কমে যায়-এমন এক অদৃশ্য চাপ কাজ করে অনেকের মধ্যে। ইনস্টাগ্রাম-ফ্রেন্ডলি লুকের জন্য তাই প্রতিটি অনুষ্ঠান, জন্মদিন, পার্টি বা ভ্রমণে চাই আলাদা পোশাক। ছবিতে যেন পুনরাবৃত্তি না থাকে-এই ভাবনাই একবার পরেই সরিয়ে রাখার প্রবণতা বাড়াচ্ছে।

দ্বিতীয় কারণ ফাস্ট ফ্যাশনের সহজলভ্যতা। কম দামে, ট্রেন্ডি ডিজাইন দ্রুত বাজারে আসে। ফলে পোশাক কেনা হয়ে ওঠে ‘ইমপালস শপিং’। সস্তা মনে হলেও ঘনঘন কেনার ফলে খরচ কিন্তু কম হয় না। ট্রেন্ড বদলালেই পোশাক পুরোনো হয়ে যায়, এই ধারণাও কাজ করে।

তৃতীয়ত, সামাজিক তুলনা। বন্ধুদের ভিন্ন ভিন্ন লুক, সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারদের স্টাইল দেখে অনেকেই ভাবেন-একই পোশাকে আবার দেখা গেলে কী ভাববে? এই মানসিক চাপ অজান্তেই পোশাককে ‘একবারের’ করে তোলে। অথচ বাস্তবে অধিকাংশ মানুষই অন্যের পোশাক এতখানি খেয়াল করেন না!

আবার কিছু ক্ষেত্রে আছে মানসিক তৃপ্তির বিষয়। নতুন পোশাক পরার উত্তেজনা, নিজেকে নতুনভাবে উপস্থাপনের আনন্দ-এসবও বড় কারণ। কিন্তু সেই আনন্দটা খুব দ্রুত ফিকে হয়ে যায়। তখন আবার নতুন কিছু চাই। এ যেন এক অন্তহীন চক্র।

তবে এর প্রভাবও কম নয়। পরিবেশবিদরা বলছেন, অতিরিক্ত ফ্যাশন ভোগের ফলে তৈরি হচ্ছে বিপুল বর্জ্য। টেকসই ফ্যাশনের কথা উঠছে এখন বেশি করে। অনেকেই তাই ‘রিপিট আউটফিট’ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে একই পোশাক ভিন্নভাবে স্টাইল করে পরার ট্রেন্ডও ধীরে ধীরে বাড়ছে।

আসলে পোশাক শুধু ছবি তোলার জন্য নয়, ব্যবহারের জন্য। একটি ভালো পোশাক বারবার পরা মানে অর্থের সঠিক ব্যবহার, পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া এবং আত্মবিশ্বাসী থাকা। কারণ স্টাইলের আসল শক্তি পোশাকের সংখ্যায় নয়, ব্যক্তিত্বে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, মিডিয়াম, এনডিটিভি

আরও পড়ুন:
আত্মবিশ্বাস যখন ফ্যাশন হয়ে ওঠে 
ছোট ছোট ব্যাপারে ভালোবাসা প্রকাশই ভাইরাল প্রেমের ভাষা

এসএকেওয়াই/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews