ইউক্রেনের স্বাধীনতা দিবসে একটি বড় সামরিক সামরিক সহায়তা এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত ঘোষণা করেছে যুক্তরাজ্য। ফ্রান্স ও ইউক্রেনের যৌথ উদ্যোগে ইউক্রেনের অভ্যন্তরীণ ভূখণ্ডেই দূরপাল্লার ‘স্কেল্প’ (SCALP) ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও সংযোগের ব্যবস্থা করতে নিজেদের কাছে থাকা গোপন সামরিক প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে লন্ডন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় (১০ ডাউনিং স্ট্রিট) থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান 'এমবিডিএ' (MBDA) তাদের ব্যবহৃত ব্রিটিশ যন্ত্রাংশের গোপনীয় তথ্য ও প্রযুক্তি ফ্রান্স এবং ইউক্রেনের সঙ্গে শেয়ার করার অনুমতি পাবে। ফলে ইউক্রেনেই সরাসরি ফরাসি প্রযুক্তির 'স্কেল্প' ক্ষেপণাস্ত্রের অ্যাসেম্বলি লাইন স্থাপন করা সম্ভব হবে, যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে কিয়েভের নিজস্ব দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতাকে বহুলাংশে বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের তৈরি বিখ্যাত ‘স্টর্ম শ্যাডো’ (Storm Shadow) এবং ফ্রান্সের ‘স্কেল্প’ (SCALP) মূলত একই যৌথ প্রযুক্তির ক্রুজ মিসাইল, যার কার্যকর পাল্লা প্রায় ৫৫০ কিলোমিটার।
যুক্তরাজ্যের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, "ব্রিটেনের এই পদক্ষেপ আগুনে ঘি ঢালার শামিল। রাশিয়া ইতোমধ্যেই সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ইউক্রেনে এই মিসাইল তৈরির সম্ভাব্য কেন্দ্রগুলো চিহ্নিত করে তা ধ্বংস করে দেওয়া যায়।"
তবে মস্কোর হুমকি তোয়াক্কা না করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহাম স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনকে তার সার্বভৌমত্ব রক্ষায় যত দিন প্রয়োজন তত দিন পূর্ণ সমর্থন দিয়ে যাবে ব্রিটেন। ইউক্রেনে রাশিয়া পূর্ণমাত্রায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য সর্বমোট ২৫ বিলিয়ন পাউন্ডের সহায়তা নিশ্চিত করেছে, যার মধ্যে ১৬ পাউন্ড সরাসরি সামরিক সহায়তা।