দেশে জুতার বাজারে চলতি বছরের প্রথম তিন মাসে বেশি ব্যবসা করেছে এপেক্স ফুটওয়্যার। আবার দেশীয় কোম্পানিটির চেয়ে ২৩৬ কোটি টাকা কম ব্যবসা করেও মুনাফার শীর্ষে অবস্থান করছে বহুজাতিক কোম্পানি বাটা শু। অর্থাৎ এপেক্সের বিক্রি বেশি, মুনাফা কম; আর বাটা কম বিক্রি করেও মুনাফা বেশি করেছে।
দেশি–বিদেশি এই দুটি প্রতিযোগী কোম্পানির মুনাফায় বড় পার্থক্য তৈরি করে দিয়েছে মূলত উৎপাদন খরচ ও ব্যাংকঋণ। এর মধ্যে এপেক্সের ব্যবসা দেশের পাশাপাশি রপ্তানি বাজারেও বিস্তৃত। অন্যদিকে বাটার ব্যবসায়ের সিংহভাগই হয় স্থানীয় বাজারে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থানীয় বাজারের চেয়ে রপ্তানি বাজারের জন্য পণ্য তৈরি তথা উৎপাদন খরচ ও করের বোঝা অনেক বেশি হয়ে থাকে। তাই রপ্তানি বাজারের কারণে বাটার চেয়ে এপেক্সের পণ্য উৎপাদনে খরচ বেশি পড়ে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এই দুই কোম্পানির চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। সম্প্রতি কোম্পানি দুটি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।