যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিনজন বিচারক। গত বছর তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে 'অবৈধ' দাবি করে আইনি লড়াইয়ে নেমেছেন তারা।

বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা এই যৌথ মামলায় বিচারকরা হলেন— কানাডার কিমবার্লি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি-গানসু।

মামলার নথিতে বিচারকরা অভিযোগ করেন, তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞাগুলো বিচারবহির্ভূত চাপ সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল বিচারকদের শাস্তি দেওয়া এবং ভয় দেখিয়ে এমনভাবে বাধ্য করা যাতে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীন রায় বা সিদ্ধান্ত পরিবর্তন করেন। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবেই ট্রাম্প প্রশাসন অভূতপূর্বভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা এই তিন বিচারকের সব সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি মার্কিন কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক লেনদেন, পণ্য বা সেবা আদান-প্রদান করতে পারছে না।

বিচারকরা আদালতে জানান, এই মার্কিন নিষেধাজ্ঞা তাদের জন্য ‘আর্থিক মৃত্যুদণ্ড’ (Financial Death Penalty) সমতুল্য। এর কারণে তারা ক্রেডিট কার্ড ব্যবহার, ব্যাংকিং সেবা গ্রহণ, আমাজন ও গুগলের মতো সাধারণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, যাতায়াতের টিকিট বুকিং, এমনকি কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবীমা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি মূলত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার করে থাকে। বিশ্বজুড়ে ১২৫টি দেশ এই আদালতের সদস্য হলেও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইসরায়েল এর কর্তৃত্ব স্বীকার করে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews