কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কর্মকর্তা ও তার স্ত্রীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে চার লাখ টাকার মালামাল লুট করেছে ছিনতাইকারীরা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিরাপত্তা শাখার সহকারী ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ আল মামুন পরিবারসহ এই ছিনতাইয়ের শিকার হন।

রোববার (৩ মে) এই ঘটনায় এই কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, গত ৩০ এপ্রিল স্ত্রীকে নিয়ে সিলেট বেড়াতে যান। শনিবার রাত সাড়ে ৩টায় সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা পৌঁছান। কুমিল্লা স্টেশন থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে কুমিল্লা বাখরাবাদ এলাকায় ভাড়া বাসার উদ্দেশে রওয়ানা হন। গাড়িটি বালুতুপা কালভার্টের আগে পৌঁছলে একটি পিকআপ ভ্যানযোগে চারজন ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এসময় প্রায় ৪ লাখ ১১ হাজার টাকার মালামাল লুট করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ উপপরিদর্শক সাইফুর রহমান বলেন, বাখরাবাদ কর্মকর্তা রোববার রাতে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তের চেষ্টা করবো।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল রাতে কুমিল্লা শহরতলীর কোটবাড়ি এলাকায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার পর মালামাল ছিনতাই করে দুর্বৃত্তরা। বুলেটের ঘটনার আট দিন পর ছিনতাইকারীদের কবলে পড়লেন বাখরাবাদ কর্মকর্তা মামুন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews