নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনি মিয়া শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৪ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ইউনিয়নের চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া এলাকায় কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরের দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews