নদীর চরটি একসময় ছিল তামাকের দখলে। তামাক ছাড়া অন্য কিছু চাষ হতো না বললেই চলে। তবে এখন চিত্র দ্রুত বদলাচ্ছে। তামাকের বদলে খেতজুড়ে চাষ হচ্ছে শীতকালীন সবজিসহ বিভিন্ন মৌসুমি ফসল, বিশেষ করে বাদাম। ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় চাষিরাও এতে আগ্রহ দেখাচ্ছেন। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর চরে দেখা যায় এ দৃশ্য।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চকরিয়ায় বাদাম চাষ ক্রমেই বাড়ছে। চলতি মৌসুমে ৪৬২ একর জমিতে বাদামের চাষ হয়েছে। এর আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ৪৫০ ও ৪২৫ একর। এর মধ্যে অন্তত ৩৫০ একর জমি মাতামুহুরী নদীর চর এলাকায়। হাজিয়ানার চর, বাটাখালী, আমাইন্ন্যার চর, ঘাইট্টার চর, মাঝের ফাঁড়ি, প্রপার কাকারা, মিনিবাজার, সুরাজপুর চরসহ বিস্তীর্ণ এলাকায় এখন বাদামের চাষ হচ্ছে।