বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ভারসাম্য উন্নয়ন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে গভর্নর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশে বাংলা কিউআর (Bangla QR) বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ (Single QR) ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন।
আলোচনায় চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ খাতে আরও বেশি বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।