ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী বৃহস্পতিবার শুরু হবে জাপান এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্ব। এ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। তবে অনেকটাই নীরবে হকির মেয়েরা ইন্দোনেশিয়ায় গেল। পরশু রাত ২টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে গতকাল দুপুরে জাকার্তায় পৌঁছে জাতীয় নারী হকি দল। ঐতিহাসিক এই সফরের মাধ্যমে বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবার জাতীয় নারী দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে। এর আগে বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা খেলেছেন। তবে কখনো জাতীয় দল গঠন হয়নি। অর্পিতা পাল-শারিকা সাফা রিমনদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশের নারী হকি। তবে মেয়েদের এই ঐতিহাসিক যাত্রাটি নীরবেই হয়েছে। গণমাধ্যমে একটা গ্রুপ ছবি সরবরাহ করেই দায়িত্ব সেরে মেয়েদের নিয়ে ইন্দোনেশিয়ায় চলে গেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্ণেল (অব.) রিয়াজুল হাসান।
দুই দিক থেকে হকির এই মেয়েদের জন্য পরশুর দিনটি ছিল স্মরণীয়। একদিকে ঐতিহাসিক সফরের প্রস্তুতি, অন্য দিকে এশিয়ান গেমসের বাছাই খেলতে যাওয়ার আগেই তারা হাতে পেয়েছে ক্রীড়া কার্ড ও লাখ টাকা করে ভাতা। তবে তাদের ওই যাত্রা আরো জমজমাট হতে পারতো যদি বাহফে সাংগঠনিকভাবে আরো দক্ষতার পরিচয় দিতো। এমন একটি ঐতিহাসিক সফর নীরবে কেন হলো? এমন প্রশ্ন করা হলে বাহফের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘নীরবে না। আসলে নানা চাপের মধ্যে ছিলাম। মেয়েরা অনুশীলন করেছে বিকেএসপিতে। ক্রীড়া কার্ড ও ভাতার জন্যই ৩-৪ দিন ব্যস্ত থাকতে হয়েছে। তাই সময় চলে গেছে। এতো চাপের মধ্যে ছিলাম যে, দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারিনি। করতে পারলে ভালো হতো। আসলে এটা মিস হয়ে গেছে। এখন সরি বলা ছাড়া আর কিছুই করার নেই।’
জাপান এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে অংশ নেবে ৮টি দেশ। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- স্বাগতিক ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। বাছাই থেকে শীর্ষ চারটি দেশ পাবে এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ পরের দিন উজবেকিস্তানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালে উঠলে পাবে এশিয়ান গেমসের টিকিট।

নারী হকির প্রথম জাতীয় দল
অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা-তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews