বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিরা বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা কাকচিরা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় দয়াল এন্টারপ্রাইজ ও খাতিজা এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল, প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়। অসাধু উপায়ে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং উচ্চমূল্যে বিক্রির দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান শেষে জব্দ করা তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশনা দেয়া হয়। স্থানীয় ক্রেতারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews