পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার নিজ আসনে ‘জনতার কল সেন্টার’এর উদ্বোধন করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে এ কল সেন্টারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, জনগণের সমস্যা দ্রুত শোনা এবং কার্যকর সমাধানের লক্ষে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ, সমস্যা ও প্রয়োজনীয়তা জানাতে পারবেন। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে।
এমপি বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি দুটি মোবাইল নম্বর—০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে কল করে যে কেউ আপনাদের সমস্যা জানাতে পারবেন।
তবে এমপি সবাইকে অনুরোধ করেন, যেন কেউ মিথ্যা ও প্রতারণামূলক কল না করেন। যাতে করে জনসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
এছাড়া বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর ও জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।