গাজীপুর, ২৭ মে – সাভারের আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে শহীদুল্লাহ কায়সার নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম গরুর হাটে এই ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে হাট কর্তৃপক্ষ জড়িত। নিহতের ভাই মোহাম্মদ মাসুদ রানা জানান তারা ১৮টি গরু নিয়ে ওই হাটে গিয়েছিলেন।
মঙ্গলবার রাত পর্যন্ত ১৪টি গরু বিক্রি করার পর বাকি গরুগুলো রাখার জায়গা নিয়ে অন্য ব্যবসায়ীদের সাথে বিরোধ তৈরি হয়। নিহতের ভাগ্নে ফিরোজ কবির নির্দিষ্ট জায়গায় অন্য কাউকে গরু বাঁধতে নিষেধ করলে হাট কর্তৃপক্ষ ও কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
এ সময় শহীদুল্লাহ কায়সারকে গুরুতর মারধর করা হয় এবং তাদের কাছে থাকা গরু বিক্রির ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় শহীদুল্লাহকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ পরিদর্শক কাজী রেজাউল জানান বিষয়টি আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ২৭ মে ২০২৬