আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য পুরুষ ও নারী দলের নতুন জার্সি সম্প্রতি উন্মোচন করেছে হকি ইন্ডিয়া। এই সিদ্ধান্তের পর তীব্র সমালোচনার মুখে পড়ে গেছে ফেডারেশন।
সাবেক অধিনায়ক বীরেন রাসকিনহা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। ঐতিহ্যবাহী নীল রং বাদ দেওয়ার এই সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।
এদিকে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন। তিনি নির্বাহী বোর্ডের সদস্যদের কাছে চিঠি লিখে জানতে চান, এই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো এবং এই নিয়ে আলোচনা আসলে কীভাবে হয়েছিল।
শুরুতে ফেডারেশন জানিয়েছিল, নীল রঙের মাঠে খেলোয়াড়দের ভালোভাবে দেখা যাওয়ার জন্যই এই কারিগরি পরিবর্তন আনা হয়েছে। তবে তিরকির চিঠিতে ভারতের হকি প্রশাসনের মধ্যে গভীর মতবিরোধ এবং প্রক্রিয়াগত ত্রুটির বিষয়টি সামনে চলে আসে।
তিরকির এই মন্তব্য নিয়ে যখন আলোচনা চলছে, তখনই ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন এই বিতর্ক আরও উসকে দেয়। প্রতিবেদন অনুযায়ী, পুরুষ ও নারী দলের পাঁচজন সদস্য দাবি করেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।
দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমাকে জিজ্ঞাসা বা পরামর্শ কোনোটাই করা হয়নি। এটা সত্য নয়।’
নির্বাহী কমিটির এক সদস্য পত্রিকাটিকে বলেন, ‘জার্সির রং বদলের বিষয়ে আমি জানতামই না। এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠকেও আমি ছিলাম না।’
রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক হারমানপ্রীত সিং এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। এটা দল ও কোচদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। এতে কোনো ভুল ছিল না।’
এদিকে ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিং এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের নতুন জার্সি নিয়ে নিজের মতামত জানান। তার মতে, নীল রঙের জার্সি প্রায়ই নীল রঙের অ্যাস্ট্রোটার্ফের সাথে মিলে যেত। তাই কমলা রং পরীক্ষা করা একটা ‘টিম স্ট্র্যাটেজি’ এবং ‘কৌশল’।