আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
অনেকের ধারণা, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এই দুই তারকাকে দেখার এটাই হতে পারে শেষ সুযোগ। সমর্থকদের এই ধারণাকে পুরোপুরি মিথ্যাও বলা যায় না, কারণ বয়স বিবেচনায় দুইজনেরই এবারের বিশ্বকাপটিই শেষ বিশ্বকাপ আসর হওয়ার সম্ভাবনা তীব্র।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে পর্তুগাল এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের অপেক্ষায়, বিশেষ করে রোনালদোর নেতৃত্বে বহুদিন ধরেই সেই প্রত্যাশা বহন করে আসছে দলটি।
বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বড় আলোচনার একটি হলো—মেসি ও রোনালদোর মধ্যে কে বেশি এগিয়ে থাকবেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ চলছে। তবে সাবেক মার্কিন ফুটবলার টেলর টুয়েলম্যান মনে করেন, এ ক্ষেত্রে পর্তুগালই বেশি সুবিধাজনক অবস্থানে আছে।
নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সাবেক এই ফরোয়ার্ডের মতে, বর্তমান পর্তুগাল দলটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী স্কোয়াড। তার বিশ্বাস, দলটি এখন এতটাই পরিপূর্ণ যে আগের আসরগুলোর মতো শুধুমাত্র রোনালদোর ওপর নির্ভর করতে হচ্ছে না।
টুয়েলম্যান বলেন, রোনালদো এর আগে কখনও এত ভালো দল পায়নি। এটাই সম্ভবত তার ক্যারিয়ারের সেরা পর্তুগাল দল। টুয়েলম্যানের মনে হয়, রোনালদো না খেললেও দলটি ভালো পারফর্ম করতে সক্ষম।