ফিলিস্তিনির গাজায় হামাসের নেতৃত্বাধীন পুলিশের দুটি চেকপয়েন্টে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে একজন শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি থাকলেও ফের গাজায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে দুইটি পুলিশের চেকপয়েন্টে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য ও এক বালিকাসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও চারজন আহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী এখনো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নভেম্বরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ৬৮০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা সরকারি হিসাবে ৭২ হাজার ছাড়িয়েছে।

এছাড়া চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল, যেখানে যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে রয়েছে। লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের বাহিনী আক্রমণ চালাচ্ছে।

যুদ্ধবিরতি ও ইরানের সঙ্গে সংঘর্ষ সত্ত্বেও গাজায় সহিংসতা থামেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এক মাস আগে ইরান সংক্রান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews