নিজস্ব মেসেজিং অ্যাপ ‘স্যামসাং মেসেজেস’ বন্ধ করে দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। চলতি বছরের জুলাই থেকে অ্যাপটি আর ব্যবহারযোগ্য থাকবে না বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক ‘এন্ড অব সার্ভিস’ নোটিশে বলা হয়েছে, ব্যবহারকারীদের দ্রুত গুগল মেসেজেস অ্যাপে স্থানান্তরিত হতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং এটিকেই ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) সুবিধা পাবেন, যার মাধ্যমে উচ্চমানের ছবি ও ভিডিও পাঠানো, গ্রুপ চ্যাট এবং রিয়েল-টাইম টাইপিং ইন্ডিকেটরের মতো আধুনিক ফিচার ব্যবহার করা যাবে।

এছাড়া গুগল মেসেজেসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গুগল জেমিনি ফিচারের মাধ্যমে চ্যাটে ছবি সম্পাদনা ও নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। পাশাপাশি স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচে সহজে একই চ্যাট চালিয়ে যাওয়ার সুবিধাও থাকবে।

কয়েক বছর ধরেই স্যামসাং তাদের নতুন ডিভাইসগুলোতে স্যামসাং মেসেজেস অ্যাপ প্রি-ইনস্টল করা বন্ধ করে গুগল মেসেজেসকে ডিফল্ট হিসেবে যুক্ত করছে। গ্যালাক্সি জেড ফোল্ড ও ফ্লিপ সিরিজসহ সর্বশেষ গ্যালাক্সি মডেলগুলোতে এই পরিবর্তন এরই মধ্যে দেখা গেছে। তবে অ্যাপটি এখনো গ্যালাক্সি স্টোরে পাওয়া গেলেও জুলাইয়ের পর এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews