মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ভূ-রাজনীতিতে তীব্র উত্তেজনার মাঝে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১১০ ডলারের গ-ি ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতির পর তেলের দাম সাময়িকভাবে কমলেও, ইউরোপীয় বাজার খোলার পর তা আবার ঊর্ধ্বমুখী রূপ নেয়।
বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েল আগের সব লোকসান কাটিয়ে ১১০.৪০ ডলারে লেনদেন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং যুদ্ধ থামানোর কোনো স্পষ্ট পথ না পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। জ্বালানি তেলের লাগামহীন দাম বৃদ্ধি এবং এআই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাইয়ের এই খবরগুলোর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এআই-সংক্রান্ত ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া সত্ত্বেও স্ন্যাপ এবং সেলসফোর্সের মতো প্রযুক্তি জায়ান্টদের শেয়ারের দাম চলতি বছরে যথাক্রমে ৩০ এবং ৩২ শতাংশ পর্যন্ত পতন হয়েছে।
এদিকে, ইরানের পরমাণু চুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত আলোচনা একটি বড় মোড় নিতে যাচ্ছে। ওয়াশিংটন তাদের নতুন প্রস্তাবিত খসড়া টেক্সটে আলোচনার চলাকালীন সময়ে ইরানের তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিতে বা ছাড় দিতে সম্মত হয়েছে। ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র ইরানি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’-কে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আমেরিকার এবারের প্রস্তাবটি পূর্ববর্তী খসড়াগুলোর চেয়ে ভিন্ন। নতুন প্রস্তাবে আলোচনা চলাকালীন অন্তর্বর্তী সময়ের জন্য ইরানের তেল নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার কথা উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। তবে কূটনৈতিক পরিভাষায় ‘নিষেধাজ্ঞায় ছাড়’ দেওয়ার অর্থ হলো সাময়িকভাবে সেই নিষেধাজ্ঞা স্থগিত বা শিথিল করা।
পাশপাশি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে মার্কিন প্রশাসন। সমুদ্রপথে জাহাজে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল খালাসের জন্য ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি (অর্থ) সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
ট্রেজারি সেক্রেটারি জানান, “বর্তমানে মাঝসমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল যাতে চরম সংকটে থাকা ও ঝুঁকিপূর্ণ দেশগুলো সাময়িকভাবে সংগ্রহ করতে পারে, সেজন্য মার্কিন ট্রেজারি বিভাগ ৩০ দিনের একটি সাধারণ লাইসেন্স ইস্যু করছে। এই বর্ধিত সময়সীমা সংশ্লিষ্ট দেশগুলোকে অতিরিক্ত সুবিধা দেবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আমরা এই দেশগুলোর জন্য সুনির্দিষ্ট লাইসেন্স প্রদান করতে তাদের সাথে কাজ করব।” তবে ঝুঁকিপূর্ণ দেশ বলতে মার্কিন অর্থ সচিব ঠিক কোন কোন দেশের কথা বুঝিয়েছেন, তা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি। সূত্র : রয়টার্স, আল-জাজিরা।