১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন হবে জমকালো। এই আয়োজনে পারফর্ম করার পাশাপাশি অফিশিয়াল অ্যালবামে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। এক ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন তিনি। সঞ্জয় জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এই অর্জন এসেছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া এবং একই সঙ্গে অফিশিয়াল অ্যালবামের অংশ হতে পারা অত্যন্ত গর্বের বিষয়। তিনি জানান, এই অর্জন শুধু তার একার নয়, বরং এমন সব তরুণের জন্য অনুপ্রেরণা- যাদের স্বপ্ন অনেক বড় এবং যারা তা পূরণে চেষ্টা করে। সঞ্জয় জানান, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে যুক্ত হওয়া গানটির শিরোনাম ‘সির সির’। এই প্রকল্পে তার সঙ্গে আরও আছেন নোরা ফাতেহি ও ভেজড্রিমের মতো আন্তর্জাতিক শিল্পীরা। একই অ্যালবামে বিশ্বখ্যাত রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস, পপ তারকা শাকিরা, রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি এবং আফ্রোবিটস তারকা বার্না বয় ও রেমার মতো বৈশ্বিক মিউজিক আইকনদের গানও স্থান পেয়েছে। যৌথভাবে এবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। তিন দেশে উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা। এ তালিকায় আছেন বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয়। তিনি পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো তারকাদের সঙ্গে। সঞ্জয়ের জন্ম শ্রীমঙ্গলে হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন এবং সেখানকার বহুসাংস্কৃতিক পরিবেশ তার সংগীতচর্চাকে সমৃদ্ধ করেছেন বলে জানান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে তিনি সংগীতচর্চা শুরু করেন।