গত মঙ্গলবার দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী একটি বিশাল ট্যাংকারে ড্রোন হামলার খবর বিশ্বজুড়ে সংবাদে এসেছে। ইরানি ড্রোন থেকে ছোড়া গোলায় যখন ট্যাংকারটিতে আগুন ধরে যায়, তখন আন্তর্জাতিক মহলে তীব্র পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছিল। ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকারটি যদি হরমুজ প্রণালিতে ডুবে যেত কিংবা তেল ছড়িয়ে পড়ত, তবে তা এক মহাবিপর্যয় ডেকে আনত।
স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজে থাকা ২৪ জন ক্রু সদস্য অক্ষত আছেন। বর্তমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতিতে একে তেহরানের পক্ষ থেকে অন্যতম বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।
তবে ঘটনার গুরুত্ব ছাপিয়ে আরও একটি বিস্ময়কর বিষয় সামনে এসেছে। দুবাই বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সচল একটি বন্দর হওয়া সত্ত্বেও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কোনো ভিডিও বা ছবি জনসমক্ষে আসেনি।