আজ শনিবার শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট নাম প্রত্যাহার করার পর তার বদলি হিসেবে যোগাযোগ করা হলেও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরও দুই ইংলিশ ক্রিকেটার জেমি স্মিথ ও জশ টাং।
গত ডিসেম্বরে নিলামে ২ কোটি রুপিতে ডাকেটকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু আসর শুরুর কয়েক দিন আগে নিজেকে সরিয়ে নেন এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেট এবং ইংল্যান্ডের টেস্ট দলের প্রস্তুতিকে অগ্রাধিকার দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকেটের বিকল্প খুঁজতে গিয়ে স্মিথ ও টাংয়ের সঙ্গে যোগাযোগ করে দিল্লি কর্তৃপক্ষ। তবে তারাও এই প্রতিযোগিতায় না এসে ইংল্যান্ডে থেকেই ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই জমকালো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ইংলিশ ক্রিকেটারদের এমন অনীহা এখন দলগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পূর্ণ শক্তির দল গড়তে না পেরে ২৪ জনের দল নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দিল্লিকে।
দলে লোকেশ রাহুল ও পাথুম নিশাঙ্কার মতো ওপেনার থাকলেও ডাকেটের মতো আক্রমণাত্মক ব্যাটারের অভাব অনুভূত হতে পারে। বুধবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে দিল্লি।
বিডি প্রতিদিন/মুসা