কানাডার টরন্টোতে ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের আয়োজনে স্থানীয় হোপ চার্চ মিলনায়তনে বাংলাদেশে পাঠ্যক্রম থেকে সংগীত বাতিলের প্রতিবাদে এক ব্যতিক্রমী সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে কানাডায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীরা গানে গানে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশে অংশ নেয়।
প্রচণ্ড ঠান্ডা মাইনাস ৩৫ ডিগ্রি উপেক্ষা করে আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবকরাও। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. মমতাজ মমতা এবং ধারা বর্ণনা ও সঞ্চালনা করেন ড. ইমতিয়াজ ওমর। গান, নাচ ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন একটি প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা।
আয়োজকদের মতে, নতুন প্রজন্মের পরিবেশনায় এমন উদ্যোগ প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার এলাহী বলেন, নতুন প্রজন্মের কণ্ঠে ছিল শুধু মধুর সুর নয়, ছিল অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ের ঐকতান। ছোট ছোট শিশু-কিশোরদের কোরাস কণ্ঠে যখন প্রতিধ্বনিত হচ্ছিল— “ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি”—তখন আবেগ সংবরণ করা কঠিন হয়ে পড়ে।
বিডি প্রতিদিন/হিমেল