টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু তার বন্ধু ও সহকর্মী স্বস্তিকা মুখোপাধ্যায়কে জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে রাহুলের সঙ্গে শুটিংয়ের একটি ছবি শেয়ার করে স্বস্তিকা আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি তার বন্ধুর শেষ কথাবার্তা ও স্মৃতিচারণ তুলে ধরেছেন।
স্বস্তিকা লিখেছেন, ‘মনে না করতে চাইলেও ফেসবুক মনে করিয়ে দেয়। অন্য সময় হলে এক গাল হেসে ছবিটা তোকে পাঠাতাম। কত স্মৃতি। কপাল দেখ শত ইচ্ছা থাকলেও একসঙ্গে আর কাজ করা হলো না।’
রাহুলের সঙ্গে শেষ কথোপকথন হয়েছিল কয়েক সপ্তাহ আগে। স্বস্তিকা তখন অরুণাচল যাচ্ছিলেন। রাহুলের সঙ্গে ‘বিবি পায়রা’ ছবিটি দেখার পরিকল্পনা ছিল এবং তার পর আরও অনেক গল্প করার প্রতিশ্রুতি ছিল। কিন্তু কাজের ব্যস্ততা ও জীবনের অপ্রত্যাশিত ঘূর্ণি সব কিছু পরিবর্তন করে দিয়েছে।
অভিনেত্রী জানান, ‘বাবা সর্বক্ষণ বলতেন, আমাদের ইন্ডাস্ট্রি রুথলেস। কেউ কারও নয়, কোনো দায় নেই। রাহুলের চলে যাওয়ার দায় দেখ কেউ নিল না। তোর উপরই দোষ চাপানোর চেষ্টা চলছে। তুই তো আর নিজের হয়ে লড়তে পারবি না। আমরা সবাই রিপ্লেসেবল।’
স্বস্তিকা রাহুলের সঙ্গে ২০১৪ সালে ‘টেক ওয়ান’ ছবিতে কাজ করেছিলেন। সেই সময় থেকেই মার্চ মাসের তারিখগুলো তার কাছে বিশেষ হয়ে উঠেছে। তিনি লিখেছেন, ‘১১ তারিখ বাবা, ২৯ তারিখ রাহুল। এভাবে তুইও আরেকটা তারিখ হয়ে যাবি স্বপ্নেও ভাবিনি। তুই পুড়ে ভস্মীভূত হয়ে আকাশে মিশে গেলি, আমি এখনও মেনে নেওয়ার যুদ্ধ চালাচ্ছি। সময় লাগবে, সহজ হবে না।’
বিডি প্রতিদিন/মুসা