কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কথা বলার যন্ত্রে সীমাবদ্ধ নেই। এটি বিশ্বজুড়ে বিজ্ঞান গবেষণার কাজকে আরও সহজ ও দ্রুত করছে। গুগলের গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ড (Google DeepMind) জানিয়েছে, তাদের তৈরি আলফাফোল্ড নামের একটি গুরুত্বপূর্ণ গবেষণা সরঞ্জাম এখন বিশ্বের ১৯০টি দেশের প্রায় ৩০ লাখ গবেষক ব্যবহার করছেন।

আলফাফোল্ড হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা, যা প্রোটিনের গঠন কেমন হবে তা আগেই জানাতে পারে। প্রোটিন হলো আমাদের শরীরের ভেতরের এক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান, যা রোগ, ওষুধ ও জীবনের নানা কাজের সঙ্গে জড়িত। আগে একটি প্রোটিনের গঠন বুঝতে বিজ্ঞানীদের অনেক বছর লেগে যেত। এখন আলফাফোল্ড প্রোটিন ডাটাবেটজ (AlphaFold Protein Database) সেই কাজ খুব অল্প সময়ে করে দিচ্ছে।

গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস ও গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তা জেমস মেনিকা জানান, এই ডেটাবেস সবার জন্য উন্মুক্ত। এতে থাকা তথ্য দিয়ে গবেষকেরা নানা কঠিন সমস্যা সমাধানে কাজ করছেন। আশার কথা হলো, এই ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশের বেশি গবেষক আছেন স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে।

এই প্রযুক্তির সাহায্যে মালয়েশিয়ার বিজ্ঞানীরা মেলিওইডোসিস নামে একটি মারাত্মক রোগ নিয়ে গবেষণা করছেন। ভারতে গবেষকেরা এমন সয়াবিন চাষে কাজ করছেন, যা সহজে রোগে আক্রান্ত হবে না। এতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন।

আলফাফোল্ড ছাড়াও গুগল ডিপমাইন্ড আরও কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম তৈরি করেছে। এসব সরঞ্জাম পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং ক্যানসারের মতো রোগ নিয়ে গবেষণায় সহায়তা করছে। এমনকি ডায়াবেটিস রোগীদের চোখ পরীক্ষা করতেও এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

গুগল ডিপমাইন্ড মনে করে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল সবার কাছে পৌঁছাতে হলে বিশ্বব্যাপী একসঙ্গে কাজ করতে হবে। তাদের লক্ষ্য একটাই—যেন বিশ্বের যেকোনো প্রান্তে বসেই বড় বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews