আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের ২০তম আসরের। আর সেই আসরে নিজেদের দ্বিতীয় উপস্থিতিতে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বুধবার নাগোয়া শহরে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে লাল-সবুজের মেয়েদের প্রতিপক্ষ এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল মিয়ানমার।
এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশ। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে বিদায় নিতে হয়েছিল ঋতুপর্ণা চাকমাদের।
তবে এবার অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সাফ অঞ্চলে দারুণ সাফল্য পেলেও এশিয়ান গেমসে বাংলাদেশকে লড়তে হবে মহাদেশের অন্যতম শক্তিশালী দুই দলের বিপক্ষে।
দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে দশবার অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জ পদক। অন্যদিকে উত্তর কোরিয়া এই প্রতিযোগিতার ইতিহাসের অন্যতম সফল দল। তাদের ঝুলিতে রয়েছে তিনটি স্বর্ণপদক।
অর্থাৎ গ্রুপ পর্ব থেকেই কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপের অন্য দল মিয়ানমারও এশিয়ান গেমসে একবারই অংশ নিয়েছে। সেবার তারাও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।
এবার নারী ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে মোট ১২টি দল। তাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’: জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড
গ্রুপ ‘বি’: দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বাংলাদেশ, মিয়ানমার
গ্রুপ ‘সি’: চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং
স্বাগতিক জাপান ‘এ’ গ্রুপে ফেভারিট হলেও ভিয়েতনাম, থাইল্যান্ড ও চাইনিজ তাইপের মাঝে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ‘সি’ গ্রুপে চীনকে এগিয়ে রাখা হলেও ফিলিপাইন ও উজবেকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।