বলিউডের ‘কুইন’ হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। নারীপ্রধান গল্প, ব্যতিক্রমী অভিনয় আর সাহসী ব্যক্তিত্ব দিয়ে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তবে গত কয়েক বছরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। একের পর এক সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাড়া মিলছে না। দেশাত্মবোধক গল্প, বড় বাজেট কিংবা আলোচিত চরিত্র- কোনো কিছুই যেন কঙ্গনার ভাগ্য বদলাতে পারছে না।
সমালোচকদের মতে, সব সময় আলোচনায় থাকলেও সিনেমার মাঠে আগের মতো প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছেন তিনি। এমন অবস্থায় নতুন কৌশলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কঙ্গনা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় কঙ্গনা এখন সিনেমার দিকেও বাড়তি মনোযোগ দিচ্ছেন। জানা গেছে, সম্প্রতি দক্ষিণ মুম্বইয়ে শুরু হয়েছে ‘কুইন-২’ সিনেমার শুটিং। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘কুইন’ সিনেমার সিক্যুয়েল ঘিরে নতুন করে আশাবাদী তিনি। চলতি বছরের এপ্রিলে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার কাজ শেষ করেন কঙ্গনা।
এরপর খুব অল্প সময়ের মধ্যেই শুরু করেন ‘কুইন-২’র প্রস্তুতি। মাত্র ২০ দিনের প্রস্তুতি নিয়েই নতুনভাবে ‘রানী’ চরিত্রে ফিরছেন তিনি। বর্তমানে মুম্বইয়ে বিভিন্ন এলাকায় চলছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। বলিউড সংশ্লিষ্টদের ধারণা, ‘কুইন-২’ হতে পারে কঙ্গনার ক্যারিয়ারের জন্য বড় একটি মোড়। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের ব্যর্থতা পেছনে ফেলে এই সিনেমার মাধ্যমে আবারো দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারেন কিনা এই অভিনেত্রী।