চলমান গাজা যুদ্ধের মনস্তাত্ত্বিক ধাক্কায় ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ সপ্তাহে দুই নারী সেনা আত্মঘাতী হওয়ায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দায়িত্ব পালনরত অন্তত ১৬ জন ইসরাইলি সৈন্য আত্মহত্যা করল।

ইসরাইলি সংবাদমাধ্যম 'হারেৎস'-এর বরাতে জানা গেছে, মিশর-ইসরাইল সীমান্তে দায়িত্বরত বারদেলাস ব্যাটেলিয়নের এক নারী সৈন্য মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করে। ঘাঁটির ভেতর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এর আগে গত রবিবার দেশটির মধ্যাঞ্চলের রামাত হাশারোনের কাছে অবস্থিত গ্লিলত সামরিক ঘাঁটিতে গোয়েন্দা বিভাগে কর্মরত আরেক নারী সৈন্য আত্মহত্যা করে। এই নারী সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপনীয় পদে কর্মরত ছিল। উভয় ঘটনায় সামরিক পুলিশের মাধ্যমে তদন্ত শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।

'হারেৎস'-এর সংগৃহীত তথ্য অনুযায়ী, এ বছর দায়িত্বে থাকা অবস্থাতেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ১৬ জন সৈন্য। তবে এখানেই শেষ নয়, নিয়মিত ও রিজার্ভ বাহিনীর অন্তত আরও ৯ জন সৈন্য—যারা গাজা যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন—ছুটিতে বা দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন।

উল্লেখ্য, সামরিক তথ্যের ভিত্তিতে পত্রিকাটি এর আগে জানিয়েছিল, গত ২০২৫ সালে মোট ২২ জন ইসরাইলি সৈন্য আত্মহত্যা করেছিল। বিগত ১৫ বছরের মধ্যে দেশটির সেনাবাহিনীতে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ রেকর্ড।

সূত্র: মিডলইস্ট মনিটর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews