বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল অলিম্পিয়াডে (আইএমও) এতদিন শতভাগ নম্বর পাওয়া ছিল হাতে গোনা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব। তবে এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই) পূর্ণ নম্বর পেয়েছে।

চীনের দু’টি প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও শিয়াওহংশু জানায়, তাদের এআই মডেল চলতি মাসের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) মানব প্রতিযোগীদের জন্য নির্ধারিত প্রশ্নে শতভাগ নম্বর অর্জন করেছে।

এআই গবেষণাগারগুলোর মধ্যে তারাই প্রথম নিজেদের ফলাফল প্রকাশ করেছে।

শিয়াওহংশু এ সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত।’

প্রতিষ্ঠানটি আরো জানায়, ‘এর আগে আইএমওর আনুষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতিতে কোনো বৃহৎ ভাষা মডেল কখনো শতভাগ নম্বর অর্জন করতে পারেনি।’

চ্যাটবটের মতো এআই টুল পরিচালনার মূল প্রযুক্তি হলো এই বৃহৎ ভাষা মডেল।

২০২৫ সালে গুগল ও ওপেনএআই-এর তৈরি মডেল প্রথমবারের মতো স্বর্ণপদক সমমানের নম্বর পেয়েছিল। তবে তারা শতভাগ নম্বর পাওয়া পাঁচ মানব প্রতিযোগীর সমকক্ষ হতে পারেনি।

এআইয়ের নতুন মাইলফলক
এ বছর সাংহাইয়ে অনুষ্ঠিত আইএমওতে বিভিন্ন দেশের ৬৬৬ জন প্রতিযোগী অংশ নেন। আইএমও’র আনুষ্ঠানিক স্কোরবোর্ড অনুযায়ী, তাদের মধ্যে মাত্র সাতজন পূর্ণ নম্বর অর্জন করেন।

প্রতি বছর ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ২০ বছরের নিচে হতে হয়।

হুয়াওয়ে বুধবার জানিয়েছে, তাদের এআই সিস্টেম ‘সেলিয়া’ গণিতের বিভিন্ন শাখায় ‘সমন্বিত সমস্যা সমাধানের সক্ষমতা’ দেখিয়েছে।

ইংরেজিতে ‘রেডনোট’ নামে পরিচিত শিয়াওহংশু জানিয়েছে, তাদের ‘ডটস-নোট ৩.০’ মডেল এ বছর প্রথমবারের মতো আইএমওতে অংশ নেয়।

শিয়াওহংশু জানিয়েছে, ‘পরীক্ষার সময় কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ ছিল।’

পরে এআইয়ের সমাধান মূল্যায়নের জন্য আইএমও আয়োজকদের কাছে জমা দেয়া হয়।

২০২৪ সালের আইএমওতে গুগলের এআই ছয়টির মধ্যে চারটি প্রশ্ন দুই থেকে তিন দিনের মধ্যে সমাধান করে রৌপ্যপদক সমমানের নম্বর পেয়েছিল।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews