আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে এক আবেগঘন ও সতর্কবার্তামূলক স্ট্যাটাস দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিগত সরকারের অর্জন, বর্তমানের চ্যালেঞ্জ এবং নতুন সংসদের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন।



অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কথা স্মরণ করে পোস্টে তিনি লিখেন, ৮ আগস্ট, ২০২৪। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণ করলেন। একজন নোবেল বিজয়ী। তখনও আমরা বিশ্বাস রেখেছিলাম। হয়তো আমরা অলৌকিক কিছু আশা করেছিলাম।



তিনি স্বীকার করেন যে, একটি বিপ্লবের সব দাবি হয়তো পূরণ করা সম্ভব হয়নি, তবে কয়েকটি বড় অর্জনের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, একটি বিপ্লব যা যা দাবি করে, তার সবকিছু অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পারেনি। কিন্তু তারা কী অর্জন করেছে, সে বিষয়ে আমাদের সৎ হওয়া উচিত: তারা আমাদের একটি নির্বাচন উপহার দিয়েছে। যা বহুলাংশে অবাধ এবং সুষ্ঠু। তারা গণতন্ত্রের দ্বার পুনরায় উন্মোচন করেছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ছোট কিছু একটা অর্জন, যা হয়তো অনেকে ভুলে যাবেন—তারা রমজানে চালের দাম স্থিতিশীল রেখেছিলেন। আমাদের ইতিহাসে এই প্রথমবার এমনটি ঘটলো।



শহিদুল আলম লেখেন, "যেকোনো মাকে জিজ্ঞেস করুন, তিনি (চালের দামের কথা) মনে রাখবেন।"



নবনির্বাচিত সরকার এক ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, এখন নির্বাচিত সরকার এমন এক অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে যা প্রায় হাঁটু গেড়ে বসে পড়েছে। প্রবৃদ্ধি থমকে গেছে। বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত। পোশাক শ্রমিকরা উদ্বিগ্ন। আপনাদের এটি পুনরুজ্জীবিত করতে হবে। তবে জিডিপি বা বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও মানুষের যা প্রয়োজন তা খুব সাধারণ: কাজ, নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যে খাবার।



রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর জোর দিয়ে এই আলোকচিত্রী লিখেছেন, "আমরা ‘মব রুল’ বা বিশৃঙ্খল জনতা শাসনের যুগে ফিরে যেতে পারি না। পার্লামেন্টে কী আলোচনা হবে তা রাজপথ ঠিক করে দেবে—সেই দিনগুলোতে আমরা আর ফিরতে পারি না। সেই অধ্যায়টি অবশ্যই বন্ধ হতে হবে।



তিনি একটি শক্তিশালী ও মেধাবী বিরোধী দলের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, প্রথমবারের মতো আমাদের একটি প্রকৃত বিরোধী দল আছে। তাদের যুক্তি দিতে দিন। তাদের চ্যালেঞ্জ করতে দিন। তবে সেটা করতে দিন সংসদের ভেতরে, মেধা ও দৃঢ় বিশ্বাসের সাথে; জনজীবন অচল করে দেওয়া মিছিলের মাধ্যমে নয়। দেশের আগে দল—এই পুরনো কৌশল এখন বর্জন করুন। একে চিরতরে বিদায় জানান।



নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও উপদেষ্টাদের উদ্দেশ্যে এক প্রবীণ পর্যবেক্ষকের অভিজ্ঞতায় তিনি বলেন, "আমি আশাকে ছাই হতে দেখেছি, আবার তরুণদের চোখে সেই আশাকে জেগে উঠতেও দেখেছি। আমরা আপনাদের লক্ষ্য করছি।"



তার বার্তার শেষ অংশটি ছিল অত্যন্ত জোরালো। তিনি নতুন সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "আমাদের হতাশ করবেন না। বারবার নতুন করে শুরু করার মতো সময় আর আমাদের হাতে নেই।" 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews