মৌলভীবাজারে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ সীমানা ও মৌলভীবাজারের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ জানান, মৃত অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের লাশ হাসপাতালে রাখা আছে।
মৌলভীবাজার সদর থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/মাইনুল