মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ বিন হুমাইদ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। মক্কায় শুক্রবারের খুতবায় তিনি বলেন, গুজব ছড়ানো বা যাচাই ছাড়া তথ্য প্রচার করা শুধু ভুলই নয়, বরং এতে যারা অংশ নেয় বা এগুলো ছড়িয়ে দেয়, তাদের ওপর নৈতিক দায়ও বর্তায়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

তিনি আরও বলেন, কঠিন সময়েই একজন মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। তাই তিনি মুসল্লিদের ধৈর্যশীল থাকতে এবং পার্থিব বিষয় নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে আধ্যাত্মিক সচেতনতা হারিয়ে না ফেলতে আহ্বান জানান। ইমাম শেখ সালেহ বিন হুমাইদ সতর্ক করে বলেন, মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তি ও সমাজ- উভয়ের জন্যই ক্ষতিকর এবং এর জন্য গুনাহের দায়ও বহন করতে হয়। তিনি যেকোনো পরিস্থিতিতে সত্য ও সততা বজায় রাখার আহ্বান জানান, তাতে জনমত যা-ই হোক না কেন। সৌদি আরব কর্তৃপক্ষ আগেও বহুবার এ ধরনের সতর্কবার্তা দিয়েছে।

তারা জানিয়েছে, বিশেষ করে জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য তৈরি, প্রচার বা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত ডিভাইসও জব্দ করা হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় ঘটনা ও সংকটের সময়- যেমন কোভিড-১৯ মহামারির সময়, এই সতর্কতা আরও জোরদার করা হয়েছে। তখন স্বাস্থ্যবিধি, কারফিউ এবং গ্র্যান্ড মসজিদের পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। কর্তৃপক্ষ জনগণকে যাচাইকৃত ও সরকারি উৎস থেকে তথ্য নেয়ার আহ্বান জানিয়েছে এবং ভিত্তিহীন কোনো তথ্য শেয়ার বা প্রচার না করার অনুরোধ করেছে। তারা আরও সতর্ক করেছে, এমনকি কেউ যদি এসব ভুয়া তথ্য পুনরায় শেয়ার করে বা সংরক্ষণও করে, তাহলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews