কর্মব্যস্ত জীবনে প্রতিদিন তাজা রুটি বা পরোটা বানানো কঠিন কাজ। তাই অনেকেই একদিন সময় করে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেন - প্রয়োজনে গরম করে খাওয়ার জন্য। কিন্তু মনে প্রশ্ন থাকে, ফ্রোজেন রুটি-পরোটা স্বাস্থ্যের জন্য ঠিক কতটা ভালো?

বিশেষজ্ঞদের মতে, ফ্রোজেন রুটি-পরোটার স্বাস্থ্যগত প্রভাব অনেকটাই নির্ভর করে এটি কীভাবে তৈরি ও সংরক্ষণ করা হয়েছে তার ওপর। সঠিক পদ্ধতিতে বাড়িতে তৈরি ও সংরক্ষণ করা হলে এটি গরম গরম খাওয়ার চেয়েও উপকারী হতে পারে।

গবেষণায় দেখা গেছে, রুটি ফ্রিজে রাখলে এর ভেতরের স্টার্চের গঠন কিছুটা পরিবর্তিত হয়ে রেজিস্ট্যান্ট স্টার্চ-এ পরিণত হয়। এই ধরনের স্টার্চ সহজে হজম হয় না, বরং ধীরে ধীরে ভাঙে। ফলে খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। বিশেষ করে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটি একটি ইতিবাচক দিক।

এছাড়া রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। এতে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। অর্থাৎ, সঠিকভাবে সংরক্ষণ করা ফ্রোজেন রুটি শুধু সময়ই বাঁচায় না, বরং শরীরের জন্যও কিছু অতিরিক্ত উপকার এনে দিতে পারে।

তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উপকরণ নির্বাচন। লাল আটা বা হোল হুইট দিয়ে তৈরি রুটি বা পরোটা ফ্রিজে সংরক্ষণ করলে তাতে আঁশ (ফাইবার) বজায় থাকে, যা হজমে সহায়ক এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

খাওয়ার পদ্ধতিও এখানে গুরুত্বপূর্ণ। ফ্রিজ থেকে বের করে সরাসরি খাওয়ার বদলে হালকা টোস্ট বা গরম করে নিলে এর গ্লাইসেমিক ইনডেক্স আরও কমে যেতে পারে। এতে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

ফ্রোজেন রুটি-পরোটা স্বাস্থ্যের জন্য কেমন

সংরক্ষণের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। রুটি বা পরোটা বানানোর পর হালকা সেঁকে ঠান্ডা করে নিতে হবে। এরপর পরিষ্কার জিপলক ব্যাগ বা এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রাখা উচিত। এভাবে সংরক্ষণ করলে সাধারণত এক মাস পর্যন্ত ভালো থাকে এবং পুষ্টিগুণও অনেকাংশে বজায় থাকে।

সব মিলিয়ে বলা যায়, বাড়িতে তৈরি ফ্রোজেন রুটি-পরোটা ব্যস্ত জীবনে একটি কার্যকর সমাধান। এটি যেমন সময় বাঁচায়, তেমনি সঠিকভাবে তৈরি ও সংরক্ষণ করলে স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে।

সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং, মায়ো ক্লিনিক, বাথেনকোর্ট বেকহাউস গবেষণা

এএমপি/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews