ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্যাতনে সপরিবারে বাড়িছাড়া ছাত্রদল নেতা মেহেদী হাসানের বাড়ি পরিদর্শন করেছে পুলিশ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে বৃহস্পতিবার (১১ জুন) দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বাড়িতে গিয়ে মেহেদীর ঘর উচ্ছেদের সত্যতা পান।
মেহেদী, তার বাবা আবুল কাশেম ও মা বিবি সায়েরাকে সাথে নিয়ে বাড়িতে যান ওসি মুহাম্মদ ফয়জুল আজীম। সেখানে বিবদমান উভয়পক্ষের বক্তব্য শুনেন এবং ঘর উচ্ছেদের প্রমাণ পান। এসময় তিনি তিন দিনের সময় দিলে তারা আরো সময় চেয়ে আলোচনায় বসতে চান। শুক্রবার সন্ধ্যায় বসার সময় দেয়া হয়।
এসময় জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, ইউনিয়ন সদস্য সচিব মাষ্টার শফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ কে এম সাইমুন হক রাজিব, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমরানুল ইসলাম ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৩ জুন স্থানীয় দৈনিক ফেনীর সময়ে এ সংক্রান্ত তথ্যবহুল সংবাদ পরিবেশন হলে তোলপাড় শুরু হয়। সংবাদটি নজরে এলে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তাকে ডেকে নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মেহেদীর সাথে মোবাইল ফোনে কথা বলে খোঁজখবর নেন।
পরিবেশমন্ত্রী দাগনভূঞা থানার অফিসার ইনচার্জকে ছাত্রদল নেতা মেহেদীর পরিবারকে আইনানুগ সহযোগিতার নির্দেশ দেন। এছাড়া রিকশা চালানো ছেড়ে দিয়ে চাকরি করতে চাইলে এব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন পরিবেশমন্ত্রী।
মেহেদী জানান, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে তিনি ভিটেবাড়ি ছাড়া হয়ে ফেনী শহরে ভাড়া বাসায় উঠে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। সরকার পরিবর্তনের পর তাকে নির্যাতনকারীরা বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে থাকায় ওদের বাধার মুখে এলাকায় ফিরতে পারেননি তিনি।