যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে তখন উৎকণ্ঠা বাড়ছিল। মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে (প্রাইমারি) আবদুল আল–সাইয়েদের এগিয়ে থাকার ব্যবধান কমছিল। মনে হচ্ছিল কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স তাঁকে দ্রুত ধরে ফেলবেন।
জনস্বাস্থ্যবিষয়ক কর্মী আল–সাইয়েদ গত বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর সমর্থকদের সামনে মঞ্চে ওঠেন। ভোট গণনায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় ডেট্রয়েটে তাঁর সমর্থকদের উৎসবের আমেজ ততক্ষণে অনেকটা ম্লান হয়ে গিয়েছিল।
মঞ্চে মজা করে আল–সাইয়েদ বলেন, ‘ইচ্ছা ছিল এখন বিজয় ঘোষণা করি। কিন্তু দেখা যাচ্ছে, মিশিগানে কিছু ভোট গণনা করতে বেশ সময় লাগে। এটি তো বড় একটি অঙ্গরাজ্য।’
এরপর প্রগতিশীল ধারার এই প্রার্থী প্রচারে তাঁদের কী ধরনের শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে, সে কথা স্মরণ করিয়ে দেন। আল–সাইয়েদ বলেন, তাঁদের প্রতিপক্ষের পক্ষে প্রচারে ইসরায়েলের লবিস্ট গোষ্ঠী হিসেবে পরিচিত আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) ও অন্যান্য বিশেষ স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো কোটি কোটি ডলার খরচ করেছে।