একসময় ঈদ মানেই ছিল নতুন গানের অ্যালবামের মৌসুম। ক্যাসেট-সিডির বাজারে শিল্পী ও অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ব্যস্ততা ঘিরে তৈরি হতো আলাদা উৎসবের আমেজ। সময় বদলের সঙ্গে সেই অ্যালবাম সংস্কৃতি এখন প্রায় হারিয়ে গেছে। তবে গান থেমে নেই। এখন একক গান আর মিউজিক ভিডিও ঘিরেই তৈরি হচ্ছে নতুন আয়োজন। এবারও ঈদ সামনে রেখে প্রকাশ পেয়েছে বিভিন্ন ঘরানার একাধিক নতুন গান, যেগুলো ইতিমধ্যেই শ্রোতা-দর্শকের নজর কাড়ছে।
এবারের ঈদের গানে রয়েছে লোকগানের আধুনিক উপস্থাপনা, ফোক-পপ, রোমান্টিক ও আঞ্চলিক আবহের বৈচিত্র্য। নিয়মিত শিল্পীদের পাশাপাশি সিনেমার তারকারাও হাজির হয়েছেন নতুন গান নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা জায়গায় আলোচনায় রয়েছে এসব গান।
সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে হাবিব ওয়াহিদ ও কায়ার নতুন গান ‘কই রইলা রে’। দুই দশকের বেশি সময় পর আবারও একসঙ্গে কাজ করেছেন তারা। ২০০৩ সালের জনপ্রিয় ‘কৃষ্ণ’ ও ২০০৪ সালের ‘মায়া’ অ্যালবামের পর ২২ বছর পর এই জুটি ফিরল নতুন গানে। এতে হাবিব ও কায়ার সঙ্গে আছেন মুজা। ঈদের আগের রাতে হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। গানটির দৃশ্যধারণ হয়েছে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে।
এদিকে বালাম ঈদে প্রকাশ করছেন তাঁর অ্যালবাম ‘মাওলা’র শিরোনাম গানের মিউজিক ভিডিও। আগে ঈদুল ফিতরে অ্যালবামটির চারটি অডিও গান প্রকাশ পেয়েছিল।
ইমরান মাহমুদুলও আসছেন নতুন গান ‘মন বুঝলা না’ নিয়ে। গুঞ্জন চৌধুরীর লেখা ও সুর করা গানটিতে কণ্ঠ ও সংগীত আয়োজন করেছেন ইমরান নিজেই।
বিরতির পর নতুন গান নিয়ে ফিরেছেন নুসরাত ফারিয়া। তাঁর ফোক-পপ ধাঁচের গান ‘লোকে বলে’ ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। এই গানে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ফারিয়া ও ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার বাবা যাদব। প্রকাশের পর ফারিয়ার নাচ ও উপস্থাপনা নিয়ে প্রশংসা করছেন অনেকে।
অন্যদিকে অবন্তী সিঁথির ‘প্রেম’, মাহতিম সাকিব ও কোনালের ‘প্রেমকাহিনি’, সানিয়া সুলতানা লিজার ‘তোমার রোদেলা আকাশে’ গানগুলোও ঈদের নতুন গানের তালিকায় জায়গা করে নিয়েছে।
নিজের শিকড়কে তুলে ধরে নতুন গান এনেছেন সংগীতশিল্পী ঐশী। নোয়াখালীর আঞ্চলিক আবহে তৈরি ‘নোয়াখাইল্লা মাইয়া’ গানে তাঁর সঙ্গে আছেন ব্ল্যাক জ্যাং।
এ ছাড়া জিসান খান শুভর ‘মন বুঝি না’ গানটিও ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে গানচিল মিউজিক থেকে। গল্পনির্ভর মিউজিক ভিডিওতে দেখা যাবে পার্থ শেখ ও আইশা খানকে।
সব মিলিয়ে সিনেমার গানের বাইরে এবার ঈদের নতুন গানগুলোও তৈরি করেছে আলাদা উন্মাদনা। ডিজিটাল যুগে বদলে গেছে প্রকাশের ধরন, কিন্তু ঈদকে ঘিরে নতুন গানের আনন্দ এখনো অটুট।