মুম্বাই, ১৭ আগস্ট – কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে বিশেষ এক সংগীত আয়োজন নিয়ে আসছেন ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক এআর রহমান। এই বিশেষ প্রকল্পে যুক্ত হয়েছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। প্রয়াত এই শিল্পীর অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে রহমান এই উদ্যোগ গ্রহণ করেছেন।

গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীতের উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে। তার দীর্ঘ ও বর্ণিল সংগীতজীবনকে সম্মান জানাতেই এই প্রজেক্টটি তৈরি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং এআর রহমান। একটি পোস্টে তিনি জানান যে আশা তাইয়ের স্মরণে নির্মিত এই মিউজিক ভিডিওতে অংশ নিতে শাহরুখ খান সম্মতি দিয়েছেন। এ জন্য তিনি বলিউড বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আকর্ষণীয় তথ্য হলো এই প্রজেক্টের কাজ আশা ভোঁসলের মৃত্যুর পর শুরু হয়নি। বরং তিনি জীবিত থাকতেই এআর রহমান এর পরিকল্পনা ও কাজ শুরু করেছিলেন। তার ইচ্ছা ছিল কাজটি সম্পন্ন করে সরাসরি কিংবদন্তি এই শিল্পীর হাতে তুলে দেবেন। তবে শিল্পীর আকস্মিক প্রয়াণে তার সেই ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে। এই বিশেষ আয়োজনে শুধু শাহরুখ খানই নন বরং ভারতের আরও বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী কণ্ঠ দেবেন।

মিউজিক ভিডিওর একটি বিশেষ দিক হলো এতে আশা ভোঁসলের নিজের কণ্ঠে রেকর্ড করা পুরোনো কিছু অংশও যুক্ত করা হবে। ফলে নতুন এই সংগীত আয়োজনে কিংবদন্তি শিল্পীর কণ্ঠের উপস্থিতিও পাওয়া যাবে। ইতিমধ্যেই এই আয়োজনের একটি টিজার প্রকাশিত হয়েছে। টিজারটিতে আশা ভোঁসলের উপস্থিতি সবার মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি করেছে। কাজ চলাকালীন তিনি যে এই প্রজেক্টের অংশ ছিলেন সেটি ভিডিওতে স্পষ্ট ফুটে উঠেছে। পূর্ণাঙ্গ গান বা মিউজিক ভিডিওটি কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য বার্ধক্যজনিত নানা জটিলতায় অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে গত ১২ এপ্রিল মৃত্যু হয় আশা ভোঁসলের। মুম্বাইয়ের শিবাজী পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। তাকে শেষ বিদায় জানাতে আমির খান ও শাহরুখ খানসহ বলিউডের নামী তারকারা উপস্থিত ছিলেন। এআর রহমানের এই নতুন উদ্যোগ কিংবদন্তি শিল্পীর প্রতি এক অনন্য সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews